আমাদের গ্রাম

বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর । 

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, 

একসাথে খেলি আর পাঠশালে যাই । 

হিংসা ও মারামারি কভু নাহি করি, 

পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি । 

আমাদের ছোট গ্রাম মায়ের সমান, 

আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ । 

মাঠ ভরা ধান তার জল ভরা দীঘি, 

চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। 

আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, 

মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন । 

সকালে সোনার রবি পুব দিকে ওঠে, 

পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ