বল, বল, বল সবে

-অতুলপ্রসাদ সেন  

বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে, 
ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে। 
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে, 
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে! 
আজও গিরিরাজ রয়েছে প্রহরী, 
ঘিরি তিনদিক নাচিছে লহরী, 
যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনও অমৃতবাহিনী।  
প্রতি প্রান্তর, প্রতি গুহা বন, 
প্রতি জনপদ, তীর্থ অগণন, কহিছে গৌরব-কাহিনী।  
বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী, 
সতি সাবিত্রী সীতা অরুন্ধতী, 
বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি ।। 
ভোলেনি ভারত, ভোলেনি সে কথা, 
অহিংসার বাণী উঠেছিল হেথা, 
নানক, নিমাই করেছিল ভাই, সকল ভারত-নন্দনে।  
ভুলি ধর্ম-দ্বেষ জাতি-অভিমান, 
ত্রিশকোটি দেহ হবে এক প্রাণ,
একজাতি প্রেম-বন্ধনে।।

মোদের এ দেশ নাহি রবে পিছে, 
ঋষি-রাজকুল জন্মেনি মিছে, 
দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে। 
আসিবে শিল্প-ধন-বাণিজ্য, 
আসিবে বিদ্যা-বিনয়-বীর্য, আসিবে আবার আসিবে।। 
এস হে কৃষক কুটির-নিবাসী, 
এস অনার্য গিরি-বনবাসী, 
এস হে সংসারী, এস হে সন্ন্যাসী, -মিল হে মায়ের চরণে ।  
এস অবনত, এস হে শিক্ষিত, 
পরহিত-ব্রতে হইয়া দীক্ষিত, -মিল হে মায়ের চরণে। 
এস হে হিন্দু, এস মুসলমান, 
এস হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান্, - মিল হে মায়ের চরণে ।।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ