একটি মোরগের কাহিনী


-সুকান্ত ভট্টাচার্য      

একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলো
বিরাট  প্রাসাদের ছোট্ট এক কোণে,
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়-
আরো দু'তিনটি মুরগীর সঙ্গে । 
আশ্রয় যদিও মিলল,
উপযুক্ত আহার মিলল না । 
সুতীক্ষ্ণ চিতকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটাল সেই মোরগ
ভোর থেকে সন্ধে পর্যন্ত-
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত;
তারপর শুরু হলো তার আস্তাকুঁড়ে আনাগোনা:
আশ্চর্য!  সেখানে প্রতিদিন মিলতে লাগল
ফেলে দেওয়া ভাত-রুটির চমতকার প্রচুর খাবার ! 
তারপর একসময় আস্তাকুঁড়েও এলো অংশীদার-
ময়লা ছেড়া ন্যাকড়া পরা দু-তিনটে মানুষ ;
কাজেই দুর্বলতম মোরগের খাবার গেল বন্ধ হয়ে । 
খাবার !  খাবার ! খানিকটা খাবার! 
অসহায় মোরগ খাবারের সন্ধানে
বারবার চেষ্টা ক'রল প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেল প্রচন্ড । 
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে-
'প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার'!
তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল,
একেবারে সোজা চলে এল
ধব্ধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে ;
অবশ্য খাবার খেতে নয়-
খাবার হিসেবে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ