দুর্মর



-সুকান্ত ভট্টাচার্য   

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ 
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,
সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে । 

হঠাৎ নিরীহ মাটিতে কখন
জন্ম নিয়েছে সচেতনতার দান
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলাদেশের প্রাণ । 

"হয় দান নয় প্রাণ" এ শব্দে
সারা দেশ দিশেহারা, 
একবার মরে ভুলে গেছে আজ
মৃত্যুর ভয় তারা । 
সাবাস,  বাংলাদেশ, এ পৃথিবী 
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার 
তবু মাথা নোয়াবার নয় । 

এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন দান, 
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ  ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ