পুরনো ধাঁধাঁ

-সুকান্ত ভট্টাচার্য  

বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে ? 
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে ? 
বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, এ কি অনাসৃষ্টি ? 
বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে ? 
ধনীর মেয়ের দামী পুতুল হরেকরকম খেলনা,
গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে 
ফ্যালনা । 
বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য,
ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য ? 
'হিং-টিং-ছট' প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়,
বড়লোকের ঢাক তৈরি, গরীব লোকের 
চামড়ায় । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ