পিয়তমাসু

-সুকান্ত ভট্টাচার্য   

সীমান্তে আজ আমি প্রহরী । 
অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে
আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি-
স্বদেশের সীমানায় । 
দূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,
স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে
নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো
দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে;
ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও । 

আজ দেহে আমার সৈনিকের কড়া পোষাক,
হাতে এখনো দুর্জয় রাইফেল,
রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ,
আজ এখন সীমান্তের প্রহরী আমি । 
আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, 
স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, 
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠিঃ
কিছুতেই বুঝি না কী ক'রে এড়াব তাকে ? 
কী ক'রে এড়াব এই সৈনিকের কড়া পোশাক ? 
যুদ্ধ শেষ । মাঠে মাঠে প্রসারিত শান্তি,
চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া,
প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসছে হাতের রাইফেল,

গা থেকে খসে পড়তে চায় এ কড়া পোশাক,
রাত্রে চাঁদ ওঠেঃ আমার চোখে ঘুম নেই । 

তোমাকে ভেবেছি কতদিন,
কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে,
কত গোলা ফাটার মুহূর্তে । 
কতবার অবাধ্য হয়েছে মন, যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে 
কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে
তোমার আর তোমাদের ভাবনায় । 
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে
ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে,

ঝড়ে আর বন্যায়, মারী আর মড়কের দুঃসহ আঘাতে
বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব । 
আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে । 
জানি না আজো, আছ কি নেই,
দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা  ভিটে
জানি না তাও । 

তবু লিখছি তোমাকে আজঃ লিখছি আত্মম্ভর আশায়
ঘরে ফেরার সময় এসে গেছে । 
জানি, আমার জন্যে কেউ প্রতীক্ষা ক'রে নেই
মালায় আর পতাকায়,  প্রদীপে আর মঙ্গলঘটে  ;
জানি,  সম্বর্ধনা রটবে না লোক মুখে, 
মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার । 
তবু, একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে
সে তোমার হৃদয় । 

যুদ্ধ চাই না আর,  যুদ্ধ তো থেমে গেছে  ;
পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয়, 
এবার পেছনে ফেরার পালা । 

পরের জন্যে যুদ্ধ করেছি অনেক
এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে, 
প্রশ্ন করো যদি এত যুদ্ধ ক'রে পেলাম কী ? 
উত্তর তার - 
তিউনিসিয়ায় পেয়েছি জয়,
ইতালীতে জনগণের বন্ধুত্ব, 
ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র  ;
আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা । 

আমি যেন সেই বাতিওয়ালা, 
সে সন্ধ্যায় রাজপথে - পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, 
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ