অনুভবন

-সুকান্ত ভট্টাচার্য

    ১৯৪০ 
অবাক পৃথিবী! অবাক করলে তুমি 
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। 
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন। 
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন; 
অবাক পৃথিবী! অবাক করলে আরো- 
দেখি এই দেশে অন্ন নেইকো কারো। 
অবাক পৃথিবী! অবাক যে বারবার 
দেখি এই দেশে মৃত্যুরই কারবার। 
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে 
দেখেছি লিখিত-'রক্ত খরচ' তাতে। 
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, 
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম! 

    ১৯৪৬ 
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, 
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে, 
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ, 
দিকে ওঠে অবাদ্যতার ঢেউ; 
স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব 
শুনেছ? শুনছ উদ্দাম কলরব? 
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট; 
রক্তে আঁকা প্রচ্ছদপট। 
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, 
দেখ আজ তারা সবেগে সমুদ্যত; 
তাদেরই দলের পেছনে আমিও আছি, 
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি। 
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে 
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।। 

   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ