দেশলাই কাঠি


-সুকান্ত ভট্টাচার্য   

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি 
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃ 
তবু জেনো 
মুখে আমার উসখুস করছে বারুদ- 
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; 
আমি একটা দেশলাইয়ের কাঠি। 

মনে আছে সেদিন হুলস্থূল বেধেছিল? 
ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন- 
আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়! 
কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, 
কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ 
আমি একাই-ছোট্ট একটা দেশলাই কাঠি। 

এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে 
তবুও অবজ্ঞা করবে আমাদের? 
মনে নেই? এই সেদিন- 
আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে; 
চমকে উঠেছিলে- 
আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। 

আমাদের কী অসীম শক্তি 
তা তো অনুভব করেছ বারংবার; 
তবু কেন বোঝো না, 
আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে, 
আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব 
শহরে, গঞ্জে , গ্রামে-দিগন্ত থেকে দিগন্তে। 
আমরা বার জ্বলি, নিতান্ত অবহেলায় 
তা তো তোমরা জানোই! 
কিন্তু তোমরা তো জানো না: 
কবে আমরা জ্বলে উঠব- 
সবাই শেষবারের মতো! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ