বাংলা ভাষা


-অতুলপ্রসাদ সেন

মোদের গরব, মোদের আশা, আ'মরি বাংলা ভাষা! 
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা! 
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে- 
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।। 

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা, 
আছে কই এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ।। 

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন : 
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ।। 

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে! 
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ।।

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে 'মা, মা' ব'লে ; 
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ'লে কাঁদা হাসা ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ