অভিবাদন

-সুকান্ত ভট্টাচার্য   

হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা 
ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা 
দিকে দিকে উদ্যাপন করছে লগ্ন, 
পৃথিবী সূর্য - তপস্যাতেই মগ্ন । 

আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন,
মনের কোমল মহল ঘিরে কবোষ্ণ
ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, 
ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা । 

স্বপ্নের বীজ বপন করেছি সদ্য,
বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ ! 
হে সাথী, ফসলে শুনেছো প্রাণের গান ? 
দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতান । 

বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী
আমরা গঠন করব নতুন ভিত্তি ;
তারই সূত্রপাতকে করেছি সাধন
হে সাথী, আজকে রক্তিম অভিবাদন ।।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ