যতীন্দ্রনাথ সেনগুপ্ত


এসেছ বন্ধু ? তোমার কথাই জাগছিলো ভাই প্রাণে,-
কাল রাতে মোর মই প'ড়ে গেছে ক্ষেতভরা পাকা ধানে । 
ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ,
পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ । 
লেপিয়া আঙিনা দ্যায় আলপনা ভরা মরাই এর পাশে ;
লক্ষ্মী বোধ হয় বাণিজ্য ত্যাজী' এবার নিবসে চাষে । 
এমন বছরে রাতারাতি মোর পাকা ধানে পড়ে মই ! 
দাওয়ার খুঁটিতে ঠেস্ দিয়ে বসো, - সে দুখের কথা কই  ;
বোশেখ, জ্যষ্টি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্দর, আশ্বিন, -
আশা - আতঙ্কে খেয়াল ছিলো না কোথা দিয়ে কাটে দিন। 
দুর্যোগে সবে বালির বাঁধনে বাঁধিনু বন্যাধারা,
বুকের রক্ত জল কোরে কভু সেচিনু পান্ডু চারা । 
কার্তিকে দেখি চারিদিকে, - একি! এবার তো নহে ফাঁকি ! 
পাঁচরঙা ধানে ছক্-কাটা মাঠ জুড়ায় চাষার আঁখি । 
  অঘ্রানে থাকে থাকে
কাটিয়া তোলায় খামারে গোলায় যাহার যেমন পাকে। 
আমি রোজ ভাবি- ফসলটা নাবি, আরও ক'টা দিন যাক্,
ভরা অঘ্রানে ঘটেনা - ত কোনো দৈব দুর্বিপাক । 
মরাই-সারাই শেষ কোরে,  সবে খামারে দিইছি হাত,
কালকে হঠাৎ, -
বন্ধু, দোহাই, তুলোনাকো হাই,  হইনু অপ্রগলভ,-
ক্ষমা করো সখা,  -  বন্ধ করিনু তুচ্ছ ধানের গল্প ।