ভেজাল

-সুকান্ত ভট্টাচার্য 

ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়, 
ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায় ! 
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, 
'কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা ।'
ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা,
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা । 
ভেজাল কথা - বাংলাতে ইংরেজী ভেজাল চলছে,
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে । 
'খাঁটি জিনিস' এই কথাটা রেখো না আর চিত্তে,
'ভেজাল' নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে । 
কলিতে ভাই 'ভেজাল' সত্য ভেজাল ছাড়া গতি নেই,
ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ