শান্তির গান

 মহাদেব সাহা 

 এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা এশিয়ার কৃষক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা আফ্রিকার শ্রমিক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা ইউরোপের শিশু
 আমরা শান্তি চাই ;
 আমাদের সকলের সমবেত প্রার্থনা আজ- শান্তি । 
 এই শান্তির জন্যে মিউনিখ শহরে তোলপাড় করেছি    আমরা
 এই শান্তির জন্যে ইতালির রাজপথে করেছি দীর্ঘ মিছিল
 এই শান্তির জন্যে নিউইয়র্ক শহরে বিক্ষোভ করেছি অসংখ্য মানুষ ;
 এই শান্তির জন্যে আমরা আফ্রিকার শিশু
 প্যালেস্টাইনের কিশোর আর নামিবিয়ার যুবক
 কতো বিনিদ্র রাত কাটিয়েছি, 
 আবার এই শান্তির জন্যে বাংলার দুঃখিনী মায়ের চোখে  ঘুম নেই । 
সবুজ শস্যক্ষেত,  সদ্যফোটা ফুল ও শিশুর হাসির জন্যে
পৃথিবী জুড়ে আমরা চাই শান্তিকল্যাণ । 
শান্তি চাই যারা শিশুদের ভালোবাসি ;
শান্তি চাই যারা লুমুম্বা,  আলেন্দে ও শেখ মুজিবের নিষ্ঠুর মৃত্যুর জন্য কাঁদি
শান্তি চাই যারা পিকাসোর গোয়ের্নিকার কথা ভাবি
এই পৃথিবীতে আমরা শান্তি চাই -
শিশুদের পদধ্বনির মতো শান্তি
বকুল ঝরে পড়ার মতো শান্তি
রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি । 
আমরা হিরোশিমা-নাগাসাকির ব্যথিত আত্মা
আমরা শান্তি চাই  ;
আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের 
স্বাধীনতা যুদ্ধের শহিদ
আমরা শান্তি চাই  ;
আমরা শোকাহত মায়ের চোখের জল
বোনের ক্রন্দন,  স্ত্রীর শোকাশ্রু-
আমরা শান্তি চাই  ;
আমরা কবিতা ভালোবাসি
আমরা শান্তি চাই ;
আমরা শিল্প ও জীবন ভালেবাসি
আমরা শান্তি চাই ;
আমরা এখনো মানুষের হৃদয় ও মনুষ্যত্বে সমান বিশ্বাসী
আমরা শান্তি চাই । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ